কলম্বিয়ার জয় উদযাপনে এক নারী নিহত

কলম্বিয়া বিশ্বকাপের নকআউট পর্বে শনিবার উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জনের পর তা উদযাপনের সময় বন্দুকের গুলিতে বিদ্ধ হয়ে নিহত হয়েছেন ২৫ বছল বয়সী এক নারী। বিশ্বকাপের প্রথম রাউন্ডে গ্রিসকে হারানোর পর থেকে কলম্বিয়ায় চলা এই উদযাপনা কেন্দ্র করে এ পর্যন্ত ৯ ব্যক্তি নিহত হয়েছেন। খেলা চলাকালে সেখানে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ ও পুলিশি টহল জোরদার করার পরও এই হতাহতের ঘটনা ঘটছে। সর্বশেষ ঘটনটি ঘটে কলম্বিয়া ফুটবল দল শেষ আটে খেলা নিশ্চিতের পরপরই শুরু হওয়া উত্সবে। এসময় কেউ কেউ ফাঁকা গুলি ছুঁড়েন। রাজধানী বোগোটার দক্ষিণাঞ্চলের বোসায় এ রকম উত্সবে গুলিতে প্রাণ হারান মহিলাটি। এ সময় আরো এক ব্যক্তি আহত হন। বোগোটার ভারপ্রাপ্ত মেয়র রিকার্ডো বনিলা সাংবাদিকদের বলেন, ‘আমাদেরকে আরো সতর্ক হতে হবে।’ টুইটারের মাধ্যমে পুলিশ প্রধান রুডলফো পালোমিনোস বলেন, ‘এই জয়কে চোখের জলে ভাসিয়ে দেয়া যায় না। আমাদের উচিত সতর্কতার সঙ্গে উদযাপন করা।’-বাসস