শেখ জামাল ৪-৩ গোলে হারালো মুক্তিযোদ্ধাকে
প্রকাশ : ২৯ জুন ২০১৪, ২২:০৫
শেখ জামাল ধানমন্ডি ক্লাব গতকাল রবিবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্মৃতি ষ্টেডিয়ামে ৪-৩ গোলে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে। নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলাটিতে সফরকারী দলের হাইতির ফরোয়ার্ড সনি নরডে ৯ ও ২৩ মিনিটে জোড়া গোলে দলকে এগিয়ে দেন।
মুক্তিযোদ্ধার নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে ৩২ ও ৫৩ মিনিটে দুই দফায় গোল করে ব্যবধান কমান। কিন্তু ৫১ মিনিটে হাইতি ফরোয়ার্ড ওয়েডসন ও ৬৪ মিনিটে অধিনায়ক মোঃ আমিনুল ইসলাম আবারো এগিয়ে দেন শেখ জামালকে। ফলে ৭২ মিনিটে মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড কিংসলে দলকে তৃতীয় গোলটি এনে দিলেও ম্যাচ জিততে পারেনি মুক্তিযোদ্ধা সংসদ।
পেশাদার লিগ কমিটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ সভাপতি মঞ্জুর কাদের, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, নিটল টাটার পরিচালক ফারুকী, বাফুফের সদস্য মোঃ ইলিয়াস হোসেনসহ বাফুফে ও দল দুটির কর্মকর্তারা খেলাটি উপভোগ করেন।