রমজানে দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
প্রকাশ : ২৯ জুন ২০১৪, ২২:২৯
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রবিবার পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমা লাভের মাস। অশেষ রহমত, বরকত, মাগফেরাত ও নাজাতের এই মাস মহান আল্লাহর নৈকট্যলাভ, শান্তি এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ এনে দেয়। তিনি দেশবাসীসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
আবদুল হামিদ আশা প্রকাশ করেন, সবাই রমজানের পবিত্রতা ও তাত্পর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর প্রতিফলন ঘটাবেন এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখবেন। রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে প্রতিফলিত হোক-তিনি এই কামনা করেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আত্মসংযম, অনুকম্পা ও ক্ষমা লাভের মাস রমজান। এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয়।
দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আসুন আমরা সকল প্রকার অকল্যাণ পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করি। জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি। তিনি বলেন, মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন।
মাহে রমজানে জেপি’র
শুভেচ্ছা ও অভিনন্দন
জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব শেখ শহীদুল ইসলাম এক বিবৃতিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশের মুসলিম জনগণ তথা সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল রবিবার এক বিবৃতিতে জেপি নেতৃদ্বয় বলেন, মাহে রমজান এসেছে পরম করুণাময় আল্লাহতায়ালার রহমত, মাগফিরাত ও নাজাতের বাণী নিয়ে।
মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য সকলের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়ে বিশেষ করে ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে দ্রব্যমূল্য বৃদ্ধি না করা এবং খাদ্য দ্রব্যে স্বাস্থ্যকর মান বজায় রাখার আহবান জানান তারা। বিবৃতিতে বলা হয়, মাহে রমজানে এবাদাত বন্দেগির মাধ্যমে সকলে পরম করুণাময় আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জনে সমর্থ হন আজকের দিনে এটাই আমাদের প্রত্যাশা।