পবিত্র রমজানে বারাক ওবামার শুভেচ্ছা

পবিত্র রমজান উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। গত শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, রমজান মাস উপলক্ষে আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি ও মিশেল যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বের মুসলমানদের শুভ কামনা করছি। রোজার ইতিবাচক দিকগুলো তুলে ধরে তা থেকে শিক্ষা নেয়ার পাশাপাশি হানাহানি ও দ্বন্দ্ব্ব-সংঘাত থেকে সরে শান্তির পথে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। প্রতিবছরের মতো এবারো মার্কিন প্রেসিডেন্ট তার বাসভবন হোয়াইট হাউসে ইফতার আয়োজনের অপেক্ষায় আছেন বলে জানান। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা এদিকে পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র এ মাসের শুরুতে এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য অঞ্চলসহ বিশ্বের সকল মুসলমান ধর্মাবলম্বীদের জানাই ‘রমজান মুবারক’। প্রজন্ম থেকে প্রজন্মে, যুক্তরাজ্যে রমজান পালিত হচ্ছে। আমরা গর্বিত মুসলিম বিশ্বের সঙ্গে আমাদের শক্তিশালী সম্পর্কের জন্য। বিশ্বশান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধির প্রতি শক্তিশালী প্রতিশ্রুতির অংশ হিসেবে বিশ্বব্যাপী মানবিক সাহায্য প্রদানে ব্রিটেন তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে জানান তিনি।