আশুলিয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

আশুলিয়ার জিরাবো এলাকায় আব্দুর রহমান (৩৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। জিরাবো এলাকার আজাদ সিএনজি পাম্পের সামনে থেকে গতকাল রবিবার সকালে ওই ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। তিনি টাঙ্গাইলের বাসাইল থানাধীন চড়পাড়া গ্রামের বাসিন্দা। ঢাকা থেকে বিভিন্ন তৈরি পোশাক কিনে তিনি বাসাইলে বিক্রি করতেন বলে জানা গেছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজে তিনি গত শনিবার রাতে বাড়ি থেকে মাইক্রোবাসে করে আব্দুল্লাহপুরে কামারপাড়ায় বোন খোদেজা বেগমের বাড়িতে যাওয়ার উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। এলাকাবাসীর কাছ থেকে গতকাল সকালে পরিবারের সদস্যরা ও পুলিশ খবর পেয়ে জিরাবো ডাক্তার বাড়ি এলাকায় আজাদ সিএনজি পাম্পের সামনে থেকে আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। আব্দুর রহমানকে পিটিয়ে ও গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।