‘এরশাদ দলে ক্ষমতাহীন বলে অপপ্রচার চালানো হচ্ছে’
প্রকাশ : ২৯ জুন ২০১৪, ২২:৩২
জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য প্রফেসর দেলোয়ার হোসেন খান বলেছেন, দশম সংসদ নির্বাচনে এরশাদের সিদ্ধান্ত মোতাবেক দলের ২১৩ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন। তারাই দলের নেতৃত্বের প্রতি অনুগত। অনেকে এখন এরশাদ দলে ক্ষমতাহীন বলে অপপ্রচার করছেন। তবে তারা বোকার স্বর্গে বাস করেন, কারণ এরশাদকে তারা চেনেন না। যারা এরশাদকে চেনেন-জানেন, তারা জানেন এরশাদ কি জিনিস। কখন কী করতে হবে, এরশাদের তা ভালোভাবে জানা আছে। শনিবার রাজধানীর বাসাবোতে সবুজবাগ থানা জাপা আয়োজিত এক যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেলোয়ার বলেন, দলের ভেতর এখন একটি কুচক্রী মহল তত্পর। সেদিন বেশি দূরে নয়, এরশাদ এই চক্রান্ত ভেদ করবেন। মহানগর উত্তর জাপার সহ-সভাপতি ও সবুজবাগ থানা সভাপতি এমএ কাইয়ুমের সভাপতিত্বে কর্মীসভায় আরও বক্তব্য রাখেন নগর জাপা নেতা জমির আলী, আশরাফ আলী, চঞ্চল চৌধুরী, জসিমউদ্দিন মিয়া, বেলাল হোসেন বেলা, রবি সিং, রিপন প্রমুখ।