এএসপিকে হুমকির ঘটনা তদন্ত করবে ইসি

নারায়ণগঞ্জ-৫ সংসদীয় আসনের উপনির্বাচন চলাকালে নির্বাচনে দায়িত্বরত সহকারী পুলিশ কমিশনার (এএসপি) মো. বশিরউদ্দীনকে স্থানীয় সংসদ সদস্যর হুমকির ঘটনা তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল কমিশনের বৈঠকে ইলেক্টোরাল ইনকোয়ারী কমিটিকে এই ঘটনা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। কমিশনে করা অভিযোগ সংক্রান্ত তথ্য ইলেক্টোরাল ইনকোয়ারী কমিটিকে দেয়ার জন্য রিটার্নিং অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। রবিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীনের সভাপতিত্বে ইসিতে এএসপিকে হুমকি সংক্রান্ত অভিযোগ নিয়ে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যুগ্ম জেলা জজের নেতৃত্বে দুই সদস্যর এই কমিটি অভিযোগের তদন্ত করবে। নারায়ণগঞ্জ-৫ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত ২৬ জুন। নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে এএসপি বশিরউদ্দীনকে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান ফোনে হুমকি দেন বলে অভিযোগ উঠে। যদিও এখনো পর্যন্ত ওই হুমকির সত্যতা পাওয়া যায়নি। উপনির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মিহির সরোয়ার মোর্শেদের কাছে এ বিষয়ে অভিযোগ করা হয়।