রমজানে বন্দরনগরীতে অতিরিক্ত পুলিশ, বসছে সিসি টিভি
শামীম হামিদ, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৯ জুন ২০১৪, ২২:৪৩
রমজান মাসে চট্টগ্রাম মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে ব্যাপক পরিকল্পনা নিয়েছে পুলিশ। রমজান মাস জুড়ে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সড়ক ও বড় বড় মার্কেটের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। পুলিশ সদস্যরা বিভিন্ন শিফেট বিভক্ত হয়ে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত সিসি টিভি যানজট নিরসন ও আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এছাড়া অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত ও রাস্তা জনসাধারণের চলাচলের উপযোগী রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়মিত অভিযান পরিচালনা করবে বলে জানা গেছে।
সমপ্রতি পুলিশ প্রশাসনের সাথে ব্যবসায়ীদের বৈঠকে নগরীর বড় বড় ১৮টি মার্কেটের সামনে সার্বক্ষণিক পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত পিক আওয়ারে নগরীর ব্যস্ত সড়কগুলোতে ট্রাক চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। একই সময়ে বিভিন্ন গণপরিবহণকে তাদের নির্ধারিত রুট পুনর্বিন্যাস করে মার্কেট এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেয়া হয়েছে। রাত ১০টার আগে ব্যক্তিগত গাড়ি নিয়ে মার্কেটে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। ব্যবসায়ীদের নিজস্ব ব্যবস্থাপনায় মার্কেটের সামনে স্বেচ্ছাসেবক নিয়োগ করে যানজট নিয়ন্ত্রণ করার পরামর্শ দেয়া হয়েছে।
অতিরিক্ত, পুলিশ কমিশনার একেএম শহিদুর রহমান গতকাল রবিবার ইত্তেফাককে জানান, নগরীর যানজট পরিস্থিতি বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে অনেকটাই দুর্বিষহ হয়ে পড়ে। এজন্য রোজাদারদের বেশ কষ্ট হয়। এমাসে অপরাধ প্রবণতাও বছরের অন্যান্য সময়ের তুলনায় বেশি থাকে। এসব সমস্যার কথা বিবেচনা করে পুলিশ এবার অনেক সতর্ক। আমরা নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছি। নগরীর বিভিন্ন পয়েন্ট সিসি টিভি বসানোর কাজ চলছে। প্রাথমিকভাবে ৪০টি স্পটে সিসি টিভি বসানো হবে। গণপরিবহন মালিকদের কোনো মার্কেটের সামনে গাড়ি দাঁড় না করানোর অনুরোধ করা হয়েছে। মার্কেটের দোকান মালিকরা স্বেচ্ছাসেবক নিয়োগ করে যানজট নিয়ন্ত্রণ করবেন বলে কথা দিয়েছেন। এসব ব্যবস্থার ফলে এবারের রমজানে যানজট সমস্যা আগের মত ভয়াবহ হবে না এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিও ভালো থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।