কুবি ছাত্রলীগ নেতার কক্ষ ভাংচুর লুটপাট
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ২৯ জুন ২০১৪, ২২:৪৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে অবস্থানরত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন অর্ণবের ৩০১ নং কক্ষ ভাংচুর করে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আল আমিন অর্ণব পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫জনের নামে সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় আল আমিন অর্ণব ব্যক্তিগত প্রয়োজনে কুমিল্লা শহরে যান এবং তার রুমমেট খেলা দেখার জন্য টিভিরুমে থাকলে এ সুযোগে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে হলের সিকিউরিটি গার্ডকে ভয়-ভীতি দেখিয়ে হলে প্রবেশ করে এবং ৩০১নং কক্ষ ভাংচুর করে। এ সময় দুর্বৃত্তরা কক্ষের লকার ভেঙ্গে একটি ল্যাপটপ, নগদ ৫০,০০০ টাকা, সমুদয় একাডেমিক সার্টিফিকেট, একটি সিটিজেন ঘড়িসহ অনেক মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় গতকাল আল আমিন অর্ণব বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় সালমানপুরের মোঃ মাসুম ওরফে পিচ্ছি মাসুম (২৪), শ্রীবল্লভপুরের গাজী আহাম্মেদ (২৮), মমিন মৈশানের ছেলে মিজান মৈশান (৩২), লোকমান (৩২) এবং সুমনের (২৮) নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫জনের নামে থানায় অভিযোগ করেন।
অভিযোগকারী আল আমিন অর্ণব বলেন, ‘এ ঘটনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের আধিপত্য বিস্তারের চেষ্টার বহিঃপ্রকাশ।’ ঘটনার সাথে বিশ্ববিদ্যালয়ের কারা জড়িত তা চিহ্নিত করে অভিযুক্ত সকলের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।