প্রণব মুখার্জির বাড়িতে মোদি, হলো মিষ্টিমুখ

আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদি দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন। তার আগে গতকাল মঙ্গলবার সকালে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করলেন তিনি। প্রণব মুখার্জিকে মোদি তার টুইটে বর্ণনা করলেন ‘রাষ্ট্রনায়ক’ হিসেবে। মোদি দু’টি ছবিও শেয়ার করেছেন। যার একটিতে দেখা যাচ্ছে সাবেক রাষ্ট্রপতি তাকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন। তাদের সাক্ষাতের কথা জানিয়ে মোদি যে টুইট করেছেন, তাতে তিনি লিখেছেন ‘প্রণবদার সঙ্গে দেখা হলে সবসময়ই একটা অসাধারণ অভিজ্ঞতা হয়। তার জ্ঞান ও অন্তর্দৃষ্টি অভূতপূর্ব। তিনি এমন একজন রাষ্ট্রনায়ক, যিনি দেশের জন্য অভাবনীয় অবদান রেখে গেছেন। আজকের সাক্ষাতে তার আশীর্বাদ প্রার্থনা করেছি। খবর এনডিটিভির।

গতকালই তিনি দেখা করতে গিয়েছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা এলকে আদবানি ও মুরলি মনোহর জোশির সঙ্গে। তাদের কাছ থেকেও আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। গত বৃহস্পতিবার বিপুল জয় পেয়েছে বিজেপি।  বিরোধীদের উড়িয়ে দিয়ে ৫৪৩টি আসনের মধ্যে ৩০৩টি আসনে জয়লাভ করে দলটি। প্রথম বিজেপি নেতা হিসেবে দ্বিতীয় বারের জন্য প্রধামন্ত্রী হিসেবে নির্বাচিত হন মোদি। এর আগে এই কৃতিত্ব দেখিয়েছেন তিন কংগ্রেস নেতা বা নেত্রী। তারা হলেন জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও মনমোহন সিংহ। বলিউডের মেগাস্টার খ্যাত রজনীকান্ত বলেছেন, মোদি নেহরু ও রাজিব গান্ধীর মতোই ক্যারিশম্যাটিক নেতা। উল্লেখ্য, ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি।