বিএনপি-জামায়াত জঙ্গিদের উসকে দিচ্ছে :নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপি-জামায়াত বিদেশি শক্তির সহায়তায় দেশে জঙ্গি উত্থানে প্ররোচনা দিচ্ছে। সম্প্রতি পুলিশের ওপর বোমা হামলা তারই ইঙ্গিত বহন করে। তবে যেকোনো চক্রান্ত শুরু হলে ১৪ দল ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। বাংলার মাটি থেকে জঙ্গি নির্মূল করা হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনের মণিসিংহ ট্রাস্ট স্মৃতি মিলনায়তনে গণতন্ত্রী পার্টি আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গরিব কৃষকদের কৃষি ঋণ মওকুফ করতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ঋণ খেলাপিদের অনেক ঋণ মওকুফ করা হয়েছে। অনেক সময় অনেক সুযোগ-সুবিধা তাদের দেওয়া হয়। তাই আমি অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানাবো, প্রয়োজনে এ বছর গরিব কৃষকদের কৃষি ঋণ মওকুফ করুন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাল রপ্তানি করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যেহেতু কৃষি বান্ধব সরকার, কৃষকদের সুবিধার জন্য, স্বল্প দামে সার দেয়, বীজ দেয়। তাই অর্থমন্ত্রীর   প্রতি ১৪ দলের পক্ষ থেকে আহ্বান জানাবো কৃষি ঋণ নিয়ে যেন কোনো কৃষককে এ বছর হয়রানি করা না হয়। চাল আমদানি পুরোপুরি বন্ধ করারও আহ্বান জানান তিনি।

গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমদুর রহমান বাবুর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ড. শাহাদাত্ হোসেন, জাতীয় পার্টির (জেপি) সহ-সাধারণ সম্পাদক ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।