ধর্মপাশায় দুই সপ্তাহ ধরে ম্যাজিস্ট্রেটের পদটি শূন্য

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত দুই সপ্তাহ ধরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের পদটি শূন্য রয়েছে। এতে করে এ আদালতে আসা বিচার প্রার্থী লোকজনদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়াও হাজতি ও গ্রেপ্তার হওয়া আসামিদের জামিন নিতে সাত-আট ঘন্টার পথ পাড়ি দিয়ে লোকজনকে সুনামগঞ্জ জেলা সদরে আসা-যাওয়া করতে হচ্ছে। এ অবস্থায় লোকজনকে যাতায়াত বিড়ম্বনার পাশাপাশি তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল ইসলাম গত ৫ জুন ধর্মপাশা থেকে অন্যত্র বদলি হলে এ পদটি শূন্য হয়। সুনামগঞ্জের মো. ইমাম হাসান নামের একজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি দায়িত্ব গ্রহণের পর একদিনের জন্যও এখানে আসেননি। সুনামগঞ্জে থেকে সপ্তাহে একদিন এ আদালতের কার্যক্রম পরিচালনা করছেন। বর্তমানে ধর্মপাশা আদালতে মামলা-মোকাদ্দমা না হওয়ায় বিচার কার্যক্রম বন্ধ রয়েছে।