যমুনার স্রোতে এনায়েতপুর স্পারের স্ট্রাকচারে ফাটল

সিরাজগঞ্জের এনায়েতপুরের খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, মাজারসহ বিস্তীর্ণ তাঁত শিল্পসমৃদ্ধ এলাকা যমুনার ভাঙ্গন থেকে রক্ষায় সাড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্পারের স্ট্রাকচারে ফাটল দেখা দিয়েছে। গতকাল সোমবার সকালে এ বাঁধের স্ট্রাকচারের ৩টি ভাগের পূর্বের ৫০টি মিটার অংশ প্রচণ্ড স্রোতে ৩ ইঞ্চি পরিমাণ ফাটল ধরে। বর্তমানে এ অংশটি ঝুঁকির মধ্যে থাকলেও প্রতিরোধমূলক কাজ না শুরু হওয়ায় তা যেকোন মুহূর্তে নদীতে ধসে যাবার আশংকা করছে এলাকাবাসী। যে কারণে এলাকাজুড়ে এনায়েতপুর থানাবাসীর মাঝে আতংক বিরাজ করছে। তবে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত এসও শাহ আলম জানিয়েছে ধস থেকে রক্ষায় ক্ষতিগ্রস্ত স্ট্রাকচারের নিচের দু’পাশে পাথর দিয়ে ডামপিং করে তা রক্ষা করা হবে। এদিকে বাঁধ ফাটলে সকলের মাঝেই একটি ভীতিকর পরিস্থিতি কাজ করছে। কারণ বাঁধের সাথে মাত্র কোয়ার্টার কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে প্রায় ১২শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের বৃহত্ খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল, বেসরকারি খাজা ইউনুছ আলী বিশ্ববিদ্যালয়, নার্সিং ইন্সটিটিউট, খাজা বাবা এনায়েতপুরী (রঃ) মাজারসহ আশপাশের কয়েকটি গ্রামের বিস্তীর্ণ তাঁত শিল্পসমৃদ্ধ এলাকা যমুনায় বিলীন হয়ে যাবে।