কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা
মো. লুত্ফুর রহমান, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০১৪, ২১:৪৪
কুমিল্লা মহানগরীর অন্যতম গুরুত্বপূর্ণ ‘অশোকতলা-রেলওয়ে স্টেশন-শাসনগাছা’ রাস্তাটির বেহালদশায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ এ সড়কটি নগরবাসীসহ দূর-দূরান্তের জনগণের চলাচলের ক্ষেত্রে দায় হয়ে পড়েছে। জানা যায়, এ সড়কপথে কুমিল্লা রেলওয়ে স্টেশন, বিআরটিসি বাস টার্মিনাল, শাসনগাছা আন্তঃজেলা বাস টার্মিনালসহ বিভিন্ন স্থান এবং রেলওয়ে হাইস্কুল ছাড়াও অনেকগুলো শিক্ষা, স্বাস্থ্য, সরকারি-বেসরকারিসহ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে প্রতিদিন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার জনগণকে দিনে-রাতে যাতায়াত করতে হয়। অথচ জনগুরুত্বপূর্ণ এ সড়কটির ইট-সুরকি উঠে গিয়ে ছোট-বড় অনেক গর্ত সৃষ্টি হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতে এসব গর্তে পানি জমে অনেকটা পুকুরের মতো হয়ে যায়। এতে স্বাভাবিক হাঁটাচলাও দুষ্কর হয়ে পড়ে। প্রায় প্রতিদিন এসব গর্তের মধ্যে ট্রাক, ট্রাক্টর, অটোরিকশা-সিএনজিসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে এবং কখনোবা উল্টে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, বর্ষা শুরুর আগে ব্যস্ততম এ সড়কটি সংস্কারের জন্য ব্যবসায়ী, স্কুল কর্তৃপক্ষসহ এলাকাবাসী দাবি জানিয়ে আসলেও কোন কাজ হয়নি। কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ মো. নুরুল্লাহ জানান, সড়কটি মহানগর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে। আগামী আগস্ট মাসে এ সড়কের সংস্কার কাজ শুরুর সম্ভাবনা রয়েছে।