শিক্ষক স্বল্পতায় পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ : ৩০ জুন ২০১৪, ২১:৪৫
শিক্ষক স্বল্পতার কারণে জয়পুরহাটের পাঁচবিবি লাল বিহারী পাইলট (এল.বি.পি) সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ২৫ জন সহকারী শিক্ষকের পদ থাকলেও কর্মরত আছেন ১৩ জন শিক্ষক।
১৯৪০ সালে স্থাপিত বিদ্যালয়টি ১৯৮৭ সালের নভেম্বর মাসে সরকারিকরণ করা হয়। সরকারি হওয়ার পর থেকে সহকারী প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। ২০০৫ সাল হতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে বিদ্যালয়ের কাজ চালানো হচ্ছে। প্রধান শিক্ষক ছাড়া ২৫ জন সহকারী শিক্ষকের পদ রয়েছে। বর্তমানে ১৩ জন শিক্ষক কর্মরত আছেন। বিদ্যালয়ে গণিত ও বাংলায় ৩ জন করে ৬ জন, ইংরেজিতে ২ জন, সমাজ বিজ্ঞান, জীববিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও চারুকলায় একজন করে শিক্ষক নেই। প্রয়োজনীয় শিক্ষক না থাকায় বিদ্যালয়ে পড়াশুনার বিঘ্ন ঘটছে বলে শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেছেন। অন্য বিষয়ের শিক্ষক দিয়ে অংকের ক্লাস চালানো হয়। নবম শ্রেণির মাজাহারুল ইসলাম সিয়াম জানায়, বিদ্যালয়ে চারুকলার শিক্ষকের পদ থাকলেও শিক্ষক অভাবে ক্লাস হয় না। বর্তমানে এ বিদ্যালয়ে ছাত্রসংখ্যা ছয় শতাধিক। জেলা শিক্ষা অফিসার আজিজুল হকের সাথে শিক্ষক না থাকা সম্পর্কে কথা বললে তিনি জানান, উপজেলা পর্যায় থেকে জেলা ও বিভাগে সুযোগ সুবিধা বেশি হওয়ায় উপজেলা পর্যায়ে কোন শিক্ষক আসতে চায় না। শিক্ষক নিয়োগ দেয়া হলেও কিছুদিনের মধ্যে তারা তদবির করে সুবিধাজনক স্থানে চলে যান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, গত ২ বছর ধরে শিক্ষক স্বল্পতা চলছে। গণিতের শিক্ষক না থাকায় বিজ্ঞানের শিক্ষক দিয়ে অংকের ক্লাস চালানো হয়।