বেতাগীর ফুলতলা বিকাশ স্কুলে নিজস্ব ভবন হয়নি

বেতাগীর ফুলতলা বিবিচিনি বিকাশ মাধ্যমিক বিদ্যালয় ভবনের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে। প্রতিষ্ঠার ২১ বছরেও বিদ্যালয়ের নিজস্ব কোনো ভবন নেই। স্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ে থাকা পুরনো ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলে আসছে। বর্তমানে ২৫৩ জন শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে পাঠ গ্রহণ করছে। ১১ জন শিক্ষকও প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে কার্যক্রম চালাচ্ছে। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত স্কুলটি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে কার্যক্রম শুরু করে। ক্লাস রুমের অভাবে কাচারী ঘরেও ক্লাস চলছে। বিদ্যালয়ের ছাদ থেকে সিমেন্ট-বালি খসে পড়ছে। দেয়ালে অসংখ্য ফাটল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামাল হোসেন জানান, নিজস্ব ভবন না থাকার কারণে শ্রেণি কার্যক্রম পরিচালনায় অনেক সমস্যায় পড়তে হয়। প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ভবনে জোড়াতালি দিয়ে কোনোমতে কার্যক্রম পরিচালনা করলেও ভোগান্তির শেষ নেই। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কমান্ডার ফরিদ উদ্দিন আহম্মেদ (বি.এন.অব:) বলেন, অচিরেই বিদ্যালয় ভবন নির্মাণ না করা হলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান বন্ধ হয়ে যাবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ শাহজাহান আলী বলেন, নতুন একাডেমিক ভবনের জন্য শিক্ষা অধিদপ্তরে লিখিতভাবে জানানো হবে।