এসএসসির প্রশংসাপত্র নিতে ১০০০ টাকা!
বেতাগী (বরগুনা) সংবাদদাতা
প্রকাশ : ৩০ জুন ২০১৪, ২১:৪৮
বেতাগী গার্লস স্কুল এ্যান্ড কলেজে এসএসসি পাসের নম্বর ও প্রশংসাপত্র সংগ্রহ করতে গিয়ে শিক্ষার্থীরা চরম হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছে বলে জানা গেছে। প্রতিটি প্রশংসাপত্রের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ১০০০ টাকা আদায়ের অভিযোগ রয়েছে। আর এ অভিযোগ খোদ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানের অধ্যক্ষর বিরুদ্ধে। জানা যায়, এ প্রতিষ্ঠানে নম্বর ও প্রশংসাপত্রের জন্য এই অতিরিক্ত টাকা থেকে রেহাই পাচ্ছে না হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীরাও। এ ব্যাপারে অধ্যক্ষ রফিকুল আমিন বলেন, প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্য এ টাকা নেয়া হয়। তবে গভর্নিং বডির একাধিক সদস্য জানান, সভায় এত টাকা নেয়ার কোন সিদ্ধান্ত হয়নি, তার পরেও অধ্যক্ষ কি কারণে আদায় করছেন তা তাদের জানা নেই।