জীবননগর পল্লী বিদ্যুত্ অফিসে যুবলীগের হামলা

বিদ্যুত্ বিল বকেয়া থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন করায় উপজেলার উথলী পল্লী বিদ্যুত্ উপকেন্দ্রে হামলা চালিয়েছে যুবলীগ নামধারী ক্যাডাররা। এ সময় তারা উপকেন্দ্রে দায়িত্বরত কর্মচারী হুমায়ন কবিরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে এবং অফিসের ব্যবহূত মোটর সাইকেলটি ভাংচুরের উদ্দেশ্যে বাইরে ফেলে দেয়। পল্লী বিদ্যুত্ অফিস সূত্রে জানা গেছে, মেহেরপুর পল্লী বিদ্যুত্ সমিতি রবিবার দুপুরে উপজেলার উথলী এলাকায় বকেয়া বিদ্যুত্ বিলের কারণে বেশ কয়েকটি বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর সন্ধ্যার দিকে যুবলীগ নামধারী ক্যাডার উথলী গ্রামের মৃত কালু মন্ডলের ছেলে ঝনু (২৫) ও সেনেরহুদা গ্রামের আবু জাফরের ছেলে আলমগীর হোসেনের (২৬) ৭/৮ জন সহযোগী উথলী পল্লী বিদ্যুত্ উপকেন্দ্রে গিয়ে হামলা চালায়। এ সময় তারা উপকেন্দ্রের দায়িত্বরত কর্মচারী হুমায়ন কবিরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ব্যাপারে মেহেরপুর পল্লী বিদ্যুত্ সমিতির আঞ্চলিক পরিচালক মো. হায়দার আলী জানান, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।