শিল্পী সুবীর চৌধুরী আর নেই
প্রকাশ : ৩০ জুন ২০১৪, ২১:৫৭
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক ও বেঙ্গল ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি শিল্পী সুবীর চৌধুরী (৬১) সোমবার ভোরে অস্ট্রেলিয়ার সিডনিতে চিকিত্সাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। মস্তিষ্কের শিরায় ক্যান্সারজনিত জটিলতায় তিনি ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অগণিত বন্ধু ও সুহূদ রেখে গেছেন। তিনি বাংলাদেশের চিত্রকলা আন্দোলনকে সঞ্জীবিত ও দেশে-বিদেশে বাংলাদেশের চিত্রকলাকে পরিচিতকরণের জন্য নিরন্তর কাজ করেছেন ও বহু প্রদর্শনীর আয়োজন করেন। ঢাকা এশীয় দ্বি-বার্ষিক চারুকলা প্রদর্শনীর আয়োজন ও সুষ্ঠু ব্যবস্থাপনায় তার অবদান স্মরণীয় হয়ে আছে।
সুবীর চৌধুরী ১৯৫৩ সালের ২২ ফেব্রুয়ারি জামালপুরে জন্মগ্রহণ করেন। ষাটের দশকের মধ্যপর্যায়ে আইয়ুববিরোধী আন্দোলনকালে, তিনি যখন স্কুলের ছাত্র, তখন কারারুদ্ধ হন। মুক্তিযুদ্ধকালে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কলকাতাস্থ লিয়াজোঁ অফিসের সঙ্গে যুক্ত থেকে মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রাখেন। তিনি ১৯৭৪ সালে চারু ও কারুকলা ইনস্টিটিউট থেকে স্মাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৫ সালে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রকলা বিভাগে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন ও পরবর্তীকালে এই বিভাগের পরিচালক হন। ২০০৪ সালে তিনি বেঙ্গল গ্যালারির পরিচালক হন। পরবর্তীতে তিনি বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক ও ট্রাস্টি হন।