৯৪ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

আজ মঙ্গলবার ৯৪ বছরে পা রাখছে দেশের উচ্চ শিক্ষার সর্বোচ্চ ও প্রবীণতম বিদ্যায়তন ঢাকা বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে আজ থাকছে নানা আয়োজন। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় উচ্চ শিক্ষা’। দিবসটি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। ভবনে শোভা পাচ্ছে রং-বেরং-এর আলোকসজ্জা। শিক্ষার্থীদের মধ্যেও দেখা গেছে অনাবিল আনন্দ। সকাল ১০টায় প্রশাসনিক ভবন সংলগ্ন মল চত্বরে জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন, কেক কাটা এবং উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে কর্মসূচি উদ্বোধন করবেন। বেলা ১১টায় টিএসসি মিলনায়তনে আলোচনা ও স্মৃতিচারণ পর্ব শুরু হবে। অনুষ্ঠানে দিবসের প্রতিপাদ্য বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও জাতীয় পে-কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি এবং প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এতে সাবেক ভিসি, সাবেক প্রো-ভিসি, প্রফেসর ইমেরিটাস, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির প্রতিনিধিবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখবেন। এছাড়া দুপুর সাড়ে ১২টায় সৈয়দ রেজাউর রহমান কর্তৃক নির্মিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও ১টায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি কর্তৃক প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বায়োমেডিক্যাল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগে গবেষণা ও আবিষ্কার বিষয়ক প্রদর্শনী, সকাল সাড়ে ১০টায় চারুকলা অনুষদে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত প্রশাসনিক ভবন সম্মুখস্থ চত্বরে ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ বিভাগ আয়োজিত ‘ভূমিকম্প মহড়া’, বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত চারুকলা অনুষদের গ্যালারিতে শিক্ষার্থীদের সৃজনশীল শিল্পকর্মের প্রদর্শনী, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত নাটমণ্ডল মিলনায়তনে থিয়েটার এন্ড পারফরমেন্স বিভাগ কর্তৃক উইলিয়াম শেক্সপিয়ারের নাটক ‘হ্যামলেট’ প্রদর্শনের ব্যবস্থা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হল দিনব্যাপী নিজস্ব কর্মসূচি গ্রহণ করেছে। তবে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে হল, বিভাগ ও অন্যান্য অফিস যথারীতি খোলা থাকবে।