বিএনপির ৪৩ নেতা কর্মীর বিরুদ্ধে চার্জ গঠন

দ্রুত বিচার মামলা রাজধানীর পল্টন থানার একটি দ্রুত বিচার আইনের মামলায় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির ৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভুঁইয়া শুনানি শেষে এ আদেশ দেন। মামলাটির তদন্ত কর্মকর্তা পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুহম্মাদ আলমগীর ভুঁইয়া ২০১২ সালের ১৪ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন হলেন- ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারি হেলাল, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরব, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাছির, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি ইসহাক সরকার, সাধারণ সম্পাদক খন্দকার এনামুল হক, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি আবুল মনসুর খান দীপক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রওশন, ঢাকা মহানগর যুবদলের সেক্রেটারি রফিকুল ইসলাম মজনু, হামিদুর রহমান হামিদ, আনন্দ শাহ বাকী বিল্লাহ, মামুন হাসান, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন সরদার, মহিদুল ইসলাম হিরু, তানভীর আদিল খান বাবু, এস এম জিলানী, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, লোকমান হোসেন ফকির, রাজিব আহসান, বজলুল করিম চৌধুরী আবেদ, আবুল কালাম, আ. আজিজ, তারাপদ সরকার, উজ্জল হোসেন, মোখলেছুর রহমান, রবি ঢালী নজরুল ইসলাম কাজী, জাকির হোসেন। মামলায় অভিযোগ করা হয়, নেত্রকোনা জেলায় ১৮ দলীয় জোটের সমাবেশকে কেন্দ্র করে গোলযোগ সৃষ্টির জন্য আসামিরা ২০১২ সালে ২ অক্টোবর কোনো পূর্ব অনুমোদন ছাড়ায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাত্ক্ষণিক এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এসময় তারা একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেয়, যানবাহনে বাধা দেয়, পুলিশের কর্তব্যকাজে বাধা দেয় এবং ত্রাসের সৃষ্টি করে। মামলায় আলালসহ ২০০/৩০০ জনকে আসামি করা হয়।