কোয়ার্টার ফাইনালে নেই নাইজেল ডি ইয়ং
প্রকাশ : ৩০ জুন ২০১৪, ২২:০০
কুঁচকির ইনজুরির কারণে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না নেদারল্যান্ডসের নির্ভরযোগ্য মিডফিল্ডার নাইজেল ডি ইয়ং। শেষ মুহূর্তের নাটকীয়তায় মেক্সিকোকে ২-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় লুইস ভ্যান গালের শিষ্যরা। মেক্সিকোর বিপক্ষে কুঁচকিতে টান পড়ায় মিলানের মিডফিল্ডার নাইজেল ডি ইয়ংকে তুলে নেন লুইস ফন গাল। নাইজেলের না খেলার বিষয়টি নিশ্চিত করে ফন গাল বলেন, ‘কুঁচকির ইনজুরি খুব মারাত্মক না হলেও মেক্সিকোর বিপক্ষে তাকে জোর করে তুলে নেয়া হয়। কোয়ার্টার ফাইনালে তাকে পাব কিনা সে ব্যাপারে আমি জানি না। তবে সত্যি কথা বলতে তার যে অবস্থা তাতে তার খেলার সুযোগ খুব কম। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মধ্যে সে অন্যতম। তাই কোয়ার্টার ফাইনালে তাকে না পাওয়ায় আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেলো।’