ফিফার কঠোর সমালোচনায়
উরুগুয়ে রাষ্ট্রপতি
প্রকাশ : ৩০ জুন ২০১৪, ২২:০১
ফিফা নেতাদের ‘জারজ সন্তান’ বলে গালি দিয়েছেন উরুগুয়ের রাষ্ট্রপতি হোসে মুজিসা। তার দেশের তারকা ফুটবলার লুইজ সুয়ারেজকে নিষিদ্ধ করার প্রতিবাদে তিনি এ গালি দেন। ইতালির খেলোয়াড়কে কামড়ে দেয়ার ঘটনায় উরুগুয়ের ফুটবল তারকা সুয়ারেজকে নয়টি আন্তর্জাতিক ম্যাচ থেকে নিষিদ্ধ করার পাশাপাশি ফুটবল সংক্রান্ত সবধরনের কর্মকাণ্ড থেকে ৪ মাসের জন্য নিষিদ্ধ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। জবাবে রাষ্ট্র নিয়ন্ত্রিত টিভি স্পোর্টসকে দেয়া প্রতিক্রিয়ায় মুজিসা বলেন, ‘ফিফার নিয়ন্ত্রণে বসে আছে বুড়ো জারজ সন্তানেরা।’ তার ওই মন্তব্যটি জনসম্মুখে প্রচার করা হবে কিনা সাক্ষাত্কার গ্রহণকারী সাংবাদিক জানতে চাইলে জবাবে রাষ্ট্রপতি বলেন, ‘অবশ্যই আমার বক্তব্যটি প্রকাশ করা যাবে।’ তার স্ত্রী সিনেটর লুসিয়া টপলানস্কি বলেন, ‘আমিও রাষ্ট্রপতির বক্তব্যের প্রতি সমর্থন জানাচ্ছি।’ ৭৯ বছর বয়সী উরুগুয়ের রাষ্ট্রপতি বলেন, ‘তারা তাকে (সুয়ারেজ) শাস্তি দিতে পারেন। তবে এমন নিষ্ঠুর শাস্তি নয়।’-বাসস