গ্রিস অধিনায়কের অবসর
প্রকাশ : ৩০ জুন ২০১৪, ২২:০১
আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানলেন গ্রিসের অধিনায়ক ইয়োরগোস কারাগোনিস। কোস্টারিকার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকারে হারার পর অবসরের ঘোষণা দেন তিনি। এই বিশ্বকাপেই একটি ইতিহাস গড়েছে গ্রিস, প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে খেলেছে তারা। তবে ইতিহাসটা আরেকটু সমৃদ্ধ করতে না পারার হতাশা নিয়েই বিদায় নিতে হলো কারাগোনিসকে। ম্যাচ শেষে অবসরের ঘোষণা দেয়ার সময় এই হতাশার কথা বলেন ৩৭ বছর বয়সী এই মিডফিল্ডার, ‘গ্রিসের হয়ে আমার শেষ ম্যাচ ছিল এটা। আরেক সপ্তাহ অথবা আরেকটু বেশি থেকে যেতে চেয়েছিলাম আমরা। কিন্তু এখন তো আর এটা বদলানো সম্ভব নয়।’ এই অতৃপ্তিটুকু থাকলেও কারাগোনিসের ১৫ বছর আর ১৩৯ ম্যাচের ক্যারিয়ারে প্রাপ্তিও আছে অনেক। এর মধ্যে সবচেয়ে বড় প্রাপ্তি ২০০৪ সালের ইউরো জয়। ১৯৯৯ সালে এল সালভাদরের বিপক্ষে ক্যারিয়ার শুরু করা কারাগোনিস গ্রিসের হয়ে ১০ গোল করেন।