বিমানকর্মীদের বিক্ষোভ, এমডি কার্যালয় অবরুদ্ধ

আধুনিক ও বাস্তবসম্মত অর্গানোগ্রাম তৈরিসহ ১৪ দফা দাবি আদায়ের জন্য গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীরা প্রায় আড়াই ঘণ্টা ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত বিমানের কুর্মিটোলা সদর দপ্তরে এই ঘেরাও কর্মসূচি চলাকালে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন এ এম মোসাদ্দেক আহমেদ তার কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন। পরে সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশে বিমানের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মশিকুর রহমান বলেন, গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে দক্ষ জনবল নিয়োগ, ইউনিফর্ম, চিকিত্সা-সুবিধা, গ্রাচ্যুইটি, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ বীমা, ৮৫৬ শ্রমিকের চাকরি স্থায়ী করা, মহার্ঘ্য ভাতা ১ জুলাই থেকে কার্যকর করাসহ ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করা হচ্ছে। দাবি মানা না হলে আগামী বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের (বোর্ড) চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করা হবে। সমাবেশ শেষে দাবি সম্বলিত একটি স্মারকলিপি বিমানের এমডির কাছে দেয়া হয়। মশিকুর রহমান বলেন, আমাদের দাবির বিষয়ে কর্তৃপক্ষ বিভিন্ন সময় অঙ্গীকার করলেও তা কখনই পূরণ করে না। আলোচনা হয়; কিন্তু দাবি পূরণ হয় না। গত বছর আমরা একই দাবিতে আন্দোলন করেছি। সে সময় আমাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়েছিল; কিন্তু এখন পর্যন্ত কোনো দাবিই তারা মেনে নেয়নি। প্রসঙ্গত, গত বছর জানুয়ারির শেষ সপ্তাহে ছয় দফা দাবিতে বিমানের তত্কালীন ভারপ্রাপ্ত এমডি মোসাদ্দেক আহমেদকে অবরুদ্ধ করে রেখেছিলেন বিমান কর্মীরা। দাবি পূরণ না হওয়ায় পরবর্তীতে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ বন্ধ করে দিয়ে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আট ঘণ্টার জন্য অচল করে দেয়া হয়। পরে তত্কালীন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও বিমানমন্ত্রী ফারুক খানের মধ্যস্থতায় অবরোধ তুলে নেন কর্মীরা।