সরকারি ওয়েবসাইট হালনাগাদ করার নির্দেশ
প্রকাশ : ৩০ জুন ২০১৪, ২২:৩৯
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ওয়েবসাইট নিয়মিত হালনাগাদের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সমপ্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৫৫টি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার শীর্ষ কর্মকর্তাদের কাছে এই নির্দেশ পাঠানো হয়।
এই নির্দেশ পাওয়ার পর নির্বাচন কমিশনও তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। গত রবিবার ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিবের পক্ষে সিস্টেম ম্যানেজার সংশ্লিষ্ট সব অনুবিভাগকে হালনাগাদ তথ্য বাংলা ও ইংরেজি ভাষায় ওয়েবসাইটে প্রদর্শন নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো নির্দেশে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রয়োজনীয় তথ্য সরবরাহের ক্ষেত্রে ওয়েবসাইট তাত্পর্যপূর্ণ ভূমিকা রাখে। এসব প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট নিয়মিতভাবে হালনাগাদ করা না হলে দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হয়। এতে সংশ্লিষ্ট অফিসগুলোর কার্যক্রম সম্পর্কে সেবা গ্রহিতাদের বিরূপ মনোভাবের সৃষ্টি হয়।
ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পর্যায়ে ওয়েবসাইট চালু করা হয়েছে। সরকারের এরকম ২৫ হাজার ওয়েবসাইট নিয়েই তৈরি হয়েছে ‘জাতীয় তথ্য বাতায়ন’। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ্যাকেসস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের তত্ত্বাবধানে বাস্তবায়িত হয়েছে জাতীয় তথ্য বাতায়ন পোর্টাল গড়ার কাজ।