ফরমালিন নিয়ন্ত্রণ আইন দ্রুত বাস্তবায়ন করুন

ফরমালিন নিয়ন্ত্রণ আইন মন্ত্রিসভায় অনুমোদন হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে আইনটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনটি মনে করে, এর ফলে ফরমালিন নামক নীরব ঘাতকের ক্ষতির হাত থেকে মানুষ রক্ষা পাবে। গতকাল সোমবার এফবিসিসিআইয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, খাদ্যে ফরমালিন, কার্বাইডসহ দশটি বিষাক্ত রাসায়নিক পদার্থ দেশের মানুষের জন্য ভয়াবহ বিপদ। এটা ১৬ কোটি মানুষকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, যা একটি গণহত্যা। এফবিসিসিআই দীর্ঘদিন যাবত্ খাদ্যদ্রব্যে নীরব ঘাতক ফরমালিনসহ অন্যান্য বিষাক্ত কেমিক্যাল মেশানোর বিরুদ্ধে আন্দোলন করে গেলেও বাস্তবে ফরমালিনের অপব্যবহার রোধ করা দুরূহ হয়ে পড়েছিল। ফরমালিন সংক্রান্ত একটি আইন প্রণয়নের ব্যাপারে দেশের ব্যবসায়ী সমাজসহ আপামর জনসাধারণের দীর্ঘদিনের দাবী ছিল। প্রসঙ্গত, অবৈধ আমদানি ও খাদ্যপণ্যে ফরমালিন মেশালে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ লক্ষ টাকা জরিমানার বিধান রেখে ফরমালিন ব্যবহার নিয়ন্ত্রণ আইন গতকাল মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। এ আইনে লাইসেন্স ছাড়া ফরমালিন আমদানী, উত্পাদন, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। লাইসেন্সের শর্ত ভঙ্গ করা, অবৈধভাবে ফরমালিন ব্যবহারের জন্য বিভিন্ন পর্যায়ে শাস্তি ও জরিমানার বিধান রাখা হয়েছে।