রাজশাহীতে বাংলা ভাইয়ের সহযোগী কিলার বল্টু আটক
প্রকাশ : ৩০ জুন ২০১৪, ২২:৪০
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র ফাঁসির দণ্ডপ্রাপ্ত জঙ্গি বাংলাভাইয়ের সহযোগী আব্দুল মজিদ বল্টু ওরফে কিলার বল্টুকে (৩৫) আটক করেছে র্যাব। সোমবার দুপুরে নগরীর রাজপাড়া থানার মহিষবাথান এলাকা থেকে র্যাবের জঙ্গি দমন সেলের সদস্যরা তাকে আটক করে। র্যাব জানায়, আটক আব্দুল মজিদ বল্টু বাগমারা উপজেলার সেনোপাড়া গ্রামের জনৈক জবান আলীর ছেলে। সে জেলা পুলিশের ১২১ নম্বর তালিকাভুক্ত ক্যাডার। ২০০৪ সালের এপ্রিলে বাগমারায় জেএমবি’র সর্বহারা বিরোধী অভিযানের সময় বল্টু নিজেকে রক্ষায় জেএমবিতে যোগ দেয়। তার বিরুদ্ধে বাগমারা থানায় হত্যাসহ প্রায় এক ডজন মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল মজিদ বল্টু জেএমবি’র পলাতক সদস্যদের একত্রিত করে জেএমবিকে পুনরায় সংগঠিত ও জঙ্গি কার্যক্রম জোরদারের উদ্দেশ্যে গোপনে কাজ করছিল বলে র্যাবের কাছে স্বীকার করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানায় র্যাব।