রাজশাহীতে ইউপি মেম্বারের কাছে ঘুষ চেয়ে ওসি বিপাকে
প্রকাশ : ৩০ জুন ২০১৪, ২২:৪০
রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের মেম্বার বাবর আলীর কাছে ৬ কার্টন আম ও নগদ দশ হাজার টাকা দাবি করে বিপাকে পড়েছেন মহানগর পুলিশের রাজপাড়া থানার ওসি খান মোহাম্মদ এরফান। গত রবিবার মধ্যরাতে এ নিয়ে কথোপকথনের একটি অডিও রেকর্ড সাংবাদিক, মহানগর পুলিশের কমিশনার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার হাতে পৌঁছেছে বলে জানা গেছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান সোমবার সাংবাদিকদের কাছে ওই সংক্রান্ত অডিও সিডি প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে ওসি খান মোহাম্মদ এরফানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
অডিও রেকর্ডে শোনা যায়, ওসি খান মোহাম্মদ এরফান ইউপি মেম্বার বাবর আলীর কাছে প্রথমে ৬ কার্টন আম ও নগদ ১০ হাজার টাকা দাবি করেন। বাবর আলী দুই কার্টন আম ও ৫ হাজার টাকা দিতে রাজি হন। এতে ওসি সম্মত না হয়ে বাবর আলীকে নানাভাবে ভয়ভীতি দেখান। শেষে বাবর আলী তিন মণ আম ও ১০ হাজার টাকা দিতে রাজি হন।
এ বিষয়ে ইউপি মেম্বার বাবর আলী বলেন, ওসি এরফানের জ্বালায় অতিষ্ঠ হয়ে তিনি অডিও রেকর্ড ও অভিযোগ সাংবাদিকসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন দফতরে দিয়েছেন। বিভিন্ন সময় টাকা না দেয়ায় ওসি তার বিরুদ্ধে রাজপাড়া থানায় বেশ কয়েকটি মামলা দিয়েছেন। তিনি ওসি এরফানের শাস্তি দাবি করেন।
এ ব্যাপারে ওসি খান মোহাম্মদ এরফান বলেন, রাজশাহীর মাদকরাজ্য খ্যাত সীমান্তবর্তী পবার নবগঙ্গা এলাকার ইউপি সদস্য তিনি। তিনি দীর্ঘ দিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা ও অবৈধ চোরাচালান নিয়ন্ত্রণ করে আসছেন। এছাড়া তিনি অবৈধ বালু ব্যবসায় জড়িত। এ নিয়ে প্রতিপক্ষের সাথে সংঘর্ষেও জড়িয়েছেন তিনি। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে ঘুষ চাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ওসি। অপকর্ম নির্বিঘ্ন করতেই বাবর আলী এ অভিযোগ তুলছেন বলেও দাবি করেন ওসি।