টিআইবি’র অভিযোগ খতিয়ে দেখতে কমিটি ইউজিসি’র

শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের একাংশের বিরুদ্ধে আনা অভিযোগসমূহ যথাযথভাবে খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। গতকাল সোমবার ইউজিসি’র ১৩৭তম পূর্ণ কমিশন সভায় এই কমিটি গঠন করা হয়। কমিটিকে দ্রুত ইউজিসি চেয়ারম্যান বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হযেছে। কমিটির আহবায়ক হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম নূর উন নবী। দুই সদস্য হলেন-সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদ উল্লাহ তালুকদার এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন ইউজিসি সচিব ড. মো. খালেদ। প্রসঙ্গত, একই দিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্তদের একাংশের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উত্থাপন করা হয়। এর প্রেক্ষিতে কমিটি গঠন করলো ইউজিসি।