পাঁচ জানুয়ারির নির্বাচন নিয়ে জাতিসংঘের কোন মাথাব্যথা নেই

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে জাতিসংঘে কোন নেতিবাচক ধারণা নেই। এগুলো নিয়ে তাদের কোন মাথাব্যথাও নেই। তারা মনে করে বাংলাদেশ মুসলিম গণতান্ত্রিক দেশ হিসেবে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় সাফল্যে বিদেশীরা অত্যন্ত মুগ্ধ। তারা এখন আমাদের আর দরিদ্র দেশ মনে করে না। গতকাল সোমবার বিকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে বাংলাদেশ এগিয়ে যাওয়ার পথে মডেল হিসেবে পরিচিতি লাভ করছে জানিয়ে ড.মোমেন বলেন, বাংলাদেশের এই এগিয়ে চলার পথে দলমত নির্বিশেষ সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের দুর্বলতাকে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। রাষ্ট্রপতির সামপ্রতিক জাতিসংঘ সদর দপ্তর পরিদর্শনের বিষয়টি উদ্ধৃত করে সমপ্রতি মিডিয়ায় প্রকাশিত সংবাদকে সমপূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন আব্দুল মোমেন। তিনি বলেন, সংলাপ নিয়ে জাতিসংঘ মহাসচিব রাষ্ট্রপতির সঙ্গে নূন্যতম আলোচনা করেছেন। কিন্তু মিডিয়াতে মনগড়া, বানোয়াট সংবাদ ছাপা হয়েছে। এগুলো বর্জন করা উচিত। জাতিসংঘের সব কমিটিতে বাংলাদেশের প্রতিনিধি আছেন জানিয়ে মোমেন বলেন, এখন জাতিসংঘ সদর দপ্তরে ২২জন পিসকিপার কাজ করছেন। গত বছর ১৫জন বিশ্ববিদ্যালয় হতে পাশ করা লোক বিভিন্ন সেক্টরে নিয়োগ করা হয়েছে। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সমপাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।