বিশ্বকাপের মাসকট ‘ফুলেকো’
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২০:০২
১৯৩০ সাল থেকে বিশ্বকাপ ফুটবলের যাত্রা শুরু হলেও ১৯৬৬ সাল থেকে বিশ্বকাপের সাথে সাথেই নতুন একটি করে প্রতীকের ব্যবহার শুরু হয়, যাকে বলা হয় মাসকট। এর ধারাবাহিকতায় এই বছরের ব্রাজিল বিশ্বকাপেও রয়েছে একটি মাসকট। এর নাম রাখা হয়েছে ‘ফুলেকো’।
বিশ্বকাপ যে দেশে অনুষ্ঠিত হয়, সেই দেশের ইতিহাস-ঐতিহ্যের সাথে মিল রেখে দেশটির কোনো প্রাণী বা বিখ্যাত কোনোকিছুকে বেছে নিয়েই ডিজাইন করা হয় মাসকট। ফুলেকোকে তাই ডিজাইন করা হয়েছে ব্রাজিলের আর্মাডিল্লো নামের একটি প্রাণীকে ব্যবহার করে। এই প্রাণীটি ব্রাজিলে হারিয়ে যেতে বসেছে। তাই তার দিকে সকলের মনোযোগ আকর্ষণ করতেই আর্মাডিল্লোকে বেছে নেওয়া হয়েছে মাসকটের জন্য।
ব্রাজিলের ফুলেকো মাসকটের গায়ে রয়েছে সাদা রঙের টি-শার্ট এবং সবুজ রঙের শর্টস (হাফ প্যান্ট)। এর টি-শার্টে লেখা রয়েছে ‘Brasil 2014’। আর এর হাতে রয়েছে চমত্কার একটি ফুটবল। ফুলেকোর নাক থেকে মাথার অংশটিও ফুটবলের মতো করেই ডিজাইন করা হয়েছে। দুই পা দুই দিকে ছড়িয়ে বাম হাতটি কোমরে রেখে ডান হাত সামনে বাড়িয়ে ফুটবল ধরে রেখে ফুলেকো যেন ফুটবলকেই সবার সামনে বাড়িয়ে দিতে চায়।
পর্তুগিজ ভাষায় ফুটবলের সমার্থক শব্দ ‘Futebol’ এবং বাস্তুবিদ্যার সমার্থক শব্দ ‘Ecologia’। এই দুইটি পর্তুগিজ শব্দের মিলনেই ফুলেকো নামটি রাখা হয়েছে। পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যেকার সম্পর্ক নিয়ে বিজ্ঞানের যে শাখায় গবেষণা করা হয়, তারই নাম বাস্তুবিদ্যা।