যানজটে চরম ভোগান্তি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়েতে (বাইপাস) দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চন, ভুলতা, গোলাকান্দাইল, বস্তল, আধুরীয়া ও কর্নগোপ এলাকা পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে জনসাধারণ চরম ভোগান্তি পোহায় ।

জানা যায়, যানজট নিরসনের লক্ষ্যে উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় তিন তলা বিশিষ্ট ফ্লাইওভারের কাজ চলমান রয়েছে। প্রায় দুই মাস আগে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই ফ্লাইওভারের এশিয়ান হাইওয়ে (বাইপাস) অংশ উদ্বোধনের পর চালু হয়। ফ্লাইওভারটির এক অংশ চালু হলেও কমেনি যানজট। ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ের বাইপাস সড়কে যানজট এখন নিত্য দিনের সঙ্গী।

ঈদকে সামনে রেখে এখন যানজটের ভয়াবহতা বাড়ছে। যানজট থাকার কারণে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। যানজটে আটকা পড়ে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। যেখানে যেতে সময় লাগার কথা ২০ মিনিট, সেখানে যেতে সময় লাগছে ১ থেকে ২ ঘণ্টা। এ দীর্ঘ যানজটের প্রধান কারণ হিসেবে এলাকাবাসী ও যাত্রীরা যে সমস্যার কথা বলছেন তা হচ্ছে, সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং, হাটবাজারে লোড-আনলোড, অবৈধ ফুটপাত, ভুলতা ফ্লাইওভার ও রাস্তার নির্মাণ কাজ, চালকদের নিয়ম না মেনে গাড়ি চালানো, যেখানে সেখানে যাত্রী উঠানামা ও হাইওয়ে পুলিশের বেপরোয়া চাঁদাবাজি ইত্যাদি। বিশেষ করে মঙ্গলবার গাউছিয়া কাপড়ের বাজার ও বৃহস্পতিবার গোলাকান্দাইল হাট বসার কারণে এ দুইদিন যানজটের মাত্রা ভয়াবহ আকার ধারণ করে। নিত্য দিনের এ যানজটের কারণে ছাত্রছাত্রী, ব্যবসায়ী, চাকরিজীবী থেকে শুরু করে সকল শ্রেণি পেশার মানুষকে পড়তে হচ্ছে ভোগান্তিতে।

পরিবহন চালক, যাত্রী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার গোলাকান্দাইল চৌরাস্তা এলাকা দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) ক্রস করেছে। প্রশস্ত কম হওয়ায় বর্তমানে এশিয়ান হাইওয়েতেও (বাইপাস) যানজট লেগেই থাকে। এছাড়া বাইপাস সড়কের যানবাহন গুলো ঢাকা-সিলেট মহাসড়কে প্রবেশ করলে ওই চৌরাস্তায় চাপ পড়ে। এতেও যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া পুরো ফ্লাইওভার এরিয়ায় ভুলতা পুলিশ ফাঁড়ির সামনের এক পাশে সড়ক পারাপারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর এ পারাপারের স্থান দিয়ে শত শত পথচারী পারাপার হচ্ছে। এ কারণেও যানজটের সৃষ্টি হচ্ছে।  এছাড়া ঢাকা-সিলেট মহাসড়ক মোটামুটি প্রশস্ত হলেও এশিয়ান হাইওয়ের (বাইপাস) প্রশস্ততা কম। ফলে এশিয়ান হাইওয়েতে (বাইপাস) কোনো প্রকার যানবাহন বিকল হয়ে পড়লেই তীব্র যানজটের সৃষ্টি হয়। সরেজমিনে দেখা যায়, ভুলতা ফ্লাইওভারের কাজ প্রায় শেষ পর্যায়ে। দিন-রাত পরিশ্রম করছে দায়িত্বরত ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে আশা করা যাচ্ছে শিগগিরই ঢাকা-সিলেট মহাসড়কের অংশটুকুও চালু হয়ে যাবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঈদকে সামনে রেখে ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের পাশাপাশি রূপগঞ্জ থানা পুলিশও যানজট নিরসনে দিন-রাত কাজ করছে।