ধসে গেছে লৌহজং নদীর উপর নির্মিত ব্রিজের অ্যাপ্রোচ রোড
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২১:১৪
ভূঞাপুর উপজেলার বামনহাটার লৌহজং নদীর উপর নির্মিত ব্রিজের দু’পাশের অ্যাপ্রোচ সড়ক পাকা না থাকায় টানা বৃষ্টির কারণে ধসে গিয়ে তা খালে পরিণত হয়েছে। ফলে উপজেলার সাথে চরাঞ্চলের ২৫টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।
উপজেলার বামনহাটার লৌহজং নদীর উপর নির্মিত ৭৫মিটার গার্ডার ব্রিজটি দু’পাশের অ্যাপ্রোচ সড়ক পাকা না থাকায় তা টানা বৃষ্টির কারণে ধসে পড়েছে। ফলে ধসে যাওয়া ওই সড়ক খালে পরিণত হয়েছে। বর্তমানে ধসের কারণে সড়কটিতে কোন যানবাহন চলাচল না করায় এলাকার মানুষ ব্রিজের উপর তিল, গোবর, ধানসহ অন্যান্য জিনিস রোদে শুকিয়ে নিচ্ছেন। দু’পাশের মাটি সরে যাওয়ায় হুমকির মুখে পড়েছে ব্রিজটি। পানি বৃদ্ধি ও টানা বৃষ্টি হলে ব্রিজটি যেকোন সময় নদীতে ধসে যাওয়ার আশংঙ্কা করছে এলাকাবাসী।
বামনহাটা গ্রামের আক্তার হোসেন বলেন, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি মানুষের কোন কাজেই আসছে না। যানবাহনতো দূরের কথা ধসের কারণে মানুষই চলাচল করতে পারছে না। ভূঞাপুর এলজিইডি’র প্রধান প্রকৌশলী রাজু আহমেদ ইত্তেফাককে বলেন, ব্রিজের ধসে যাওয়া অ্যাপ্রোচ সড়কটির জন্য একটি প্রকল্প তৈরি করা হয়েছে। প্রকল্পটির অনুমোদন হলেই খুব তাড়াতাড়ি এর কাজ শুরু হবে।