নানা সংকটে কালকিনির প্রাইমারি স্কুল
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২১:১৪
বসার বেঞ্চ ও ভবনের দরজা-জানালা নেই, শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকট, কখনো ভিতরে আবার কখনো বাহিরে ক্লাস করা এবং বিদ্যুত্ ও বিশুদ্ধ পানিসহ নানা সমস্যা দমাতে পারেনি ওদের। ওরা শিশু শিক্ষার্থী। বৃষ্টি হলে চালের ফুটো দিয়ে পানি পড়ে ওরা ভিজে যাচ্ছে; তবুও বই-খাতা বুকে আগলে রেখে নিয়মিত উপস্থিত হচ্ছে বিদ্যালয়ে।
এই চিত্র মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মাঝেরকান্দি গ্রামের ১৬২নং বড়চর কয়ারিয়া টুকরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের; যেখানে সমস্যার কোনো ইতি নেই। এটি ১৯৯৪ সালে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হলে ২০১১ সালে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে উন্নতি করা হয়। এবং শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ গেজেট অনুযায়ী এখন এটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রতিষ্ঠার পর থেকে এখানে আর কোনো অবকাঠামো উন্নয়ন করা হয়নি। ৬ জন শিক্ষকের পদ থাকলেও আছেন ৪ জন। এদের মধ্যে আবার দু’জনের বেতন ২০১০ সাল থেকে বন্ধ রয়েছে।
প্রধান শিক্ষক রাশিদা খানম বলেন, ‘বসার বেঞ্চ না থাকায় কোমলমতি শিশুরা বাড়ি থেকে পাটি ও ছালার চট নিয়ে আসে। বৃষ্টি হলে আমাদের অনেক কষ্ট হয়। তাই দ্রুত একটি ভবন নির্মাণ করা জরুরি।’
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা নাদিরা আফরিন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘বিদ্যালয়টিতে ভবন, আসবাবপত্র ও শিক্ষক সংকটসহ নানা সমস্যা রয়েছে তবে এগুলো সমাধানে আমাদের কোনো হাত নেই। আমরা প্রায়ই উপর মহলে প্রতিবেদন পাঠাই কিন্তু কাজ না হলে কিছু করার নেই।’