বিভিন্ন স্থানে অস্ত্র উদ্ধার আটক ৫
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২১:১৫
দেশের বিভিন্ন স্থান থেকে অস্ত্র উদ্ধার ও ৫ জনকে আটক করা হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
ছাগলনাইয়া থেকে
অস্ত্র উদ্ধার
ফেনী প্রতিনিধি \ মঙ্গলবার ফেনী র্যাব-৭ গোপন তথ্যের ভিত্তিতে ছাগলনাইয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সুলতানা ফিলিং স্টেশনের নিকট স্থানীয় ডাকাত দলের নেতা রনি ও তার বাহিনীসহ ডাকাতির প্রস্তুতিকালে র্যাব তাদের ধাওয়া করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দলনেতা রনিসহ পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় র্যাব পাশের একটি কালভার্টের উপরে অস্ত্রভর্তি একটি প্লাস্টিকের ব্যাগ পায়। অস্ত্রগুলোর মধ্যে একটি দেশে তৈরি এলজি, একটি অত্যাধুনিক সাবমেশিন কারবাইনসহ খালি ম্যাগাজিন, একটি রকেট প্লেয়ার, ১৯টি চকলেট বোমা, ২টি দেশীয় ছোরা উদ্ধার করে।
দিনাজপুরে ২টি পিস্তলসহ
আটক ১
স্টাফ রিপোর্টার, দিনাজপুর\ সোমবার রাতে বিরামপুর থানা পুলিশের এএসআই এইচএম এরশাদ ও দিনাজপুর ডিবি পুলিশের এসআই বজলুর রশিদের নেতৃত্বে অভিযানে অস্ত্র বিক্রেতা দিনাজপুরের হাকিমপুর চুড়িপট্টি এলাকার মকবুল হোসেনের ছেলে মনজুর আলমকে (৩৫) আটক করে মোটর সাইকেলসহ ২টি পিস্তল, ১২ রাউন্ড গুলি উদ্ধার করে।
দৌলতপুরে দুটি আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
দৌলতপুর (কুষ্টিয়া)\ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি বন্দুক, গুলি ও ম্যাগজিনসহ বুলবুল নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে র্যাব তাকে অস্ত্র ও গুলিসহ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। র্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার আলী হায়দার চৌধুরী জানান, সোমবার রাত ৮টার দিকে দৌলতপুরের শীর্ষ সন্ত্রাসী বুলবুল (৩৪) অস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থান করছে খবর পেয়ে কামালপুর গ্রামে অভিযান চালিয়ে বুলবুলকে গ্রেফতার করা হয়। এসময় তার বিছানার নিচে থেকে ১টি বিদেশি পিস্তল, একটি বন্দুক, ৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও ৫০টি কার্তুজ উদ্ধার করা হয়।
বিরামপুরে দুটি পিস্তল
উদ্ধার, আটক ৩
বিরামপুর (দিনাজপুর)\ দিনাজপুরের ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্র কেনা-বেচার সময় ২টি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলিসহ ৩ জনকে আটক করেছে। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।