মাদারীপুরে ইফতারি খেয়ে মাদ্রাসার ২৩ ছাত্র হাসপাতালে

মাদারীপুরে ইফতারি খেয়ে খাগদী সালেহা খানকায়ে নেছারিয়া সালেহিয়া কমপ্লেক্সের ৩৫ জন মাদ্রাসার ছাত্র অসুস্থ হয়ে পড়লে ২৩ ছাত্রকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিত্সা নিয়েছে। হাসপাতাল ও পুুলিশ সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় ঐ মাদ্রাসার কর্তৃপক্ষের আয়োজনে ছাত্রদের মাঝে শরবত, খেজুর, মিঠাই ও খিচুড়ী দিয়ে ইফতারি দেয়া হয়। ইফতারি খেয়ে নাবির, সাব্বির, রমজান, রিয়াজুল, মাহফুজ, হাসান, আল-আমিনসহ প্রায় ৩৫ জন বুকে ব্যথা অনুভব করে ও চিত্কার করতে থাকে। সাথে সাথে মাদারীপুর সদর থানায় ও হাসপাতালে খবর দেয়া হয়। পরে পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় অসুস্থ ২৩ ছাত্রকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিত্সার জন্য ৩ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খাগদী সালেহা খানকায়ে নেছারিয়া সালেহিয়া কমপ্লেক্সে দায়িত্বরত কর্মকর্তা মো. নেছার উদ্দিন জানান, ‘ইফতারির পরে হঠাত্ করে ছাত্ররা অসুস্থ হয়ে পড়ে। ছাত্রদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।