সন্তান হত্যার অভিযোগে পিতা ও মাতার যাবজ্জীবন কারাদণ্ড
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২১:১৬
বরিশালের গৌরনদীতে ২৯ দিনের কন্যা সন্তান বন্যাকে হত্যার অভিযোগে তার পিতা-মাতার যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এছাড়া একজনকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাস ও অপরজনকে ১ হাজার টাকা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার আসামিদের অনুপস্থিতিতে বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মতিয়ার রহমান এ রায় প্রদান করেন। মামলার বিবরণে জানা গেছে, গৌরনদীর শরিকল ইউনিয়নের আধুনা গ্রামের সুখরঞ্জন মিস্ত্রি ও তার স্ত্রী আরতি রানী ২০১০ সালের ৪ জুন তাদের ২৯ দিনের কন্যা সন্তানকে মেরে ল্যাট্রিনের ট্যাংকির মধ্যে ফেলে দেয়। এরপর তারা শিশুটি হারিয়ে গেছে বলে এলাকায় রটিয়ে দেয়। এ নিয়ে এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে সুখরঞ্জনের বাড়ির ল্যাট্রিনের ট্যাংকির মধ্য থেকে শিশুটির লাশ উদ্ধার করে। এ ঘটনায় গৌরনদী থানার তত্কালীন এসআই শাহজালাল খলিফা বাদী হয়ে গৌরনদী থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন।