নাসিরনগর উপজেলা পরিষদ ও প্রশাসনকে দুর্নীতিমুক্ত ঘোষণা
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২১:১৬
নাসিরনগর উপজেলা প্রশাসনকে দুর্নীতিমুক্ত ঘোষণা করেছে উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ। এছাড়াও উপজেলা পরিষদের ও প্রশাসনের কর্মকর্তার সকল প্রকার ঘুষ অনিয়ম ও দুর্নীতি থেকে মুক্ত থাকবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারের সভাপতিত্বে কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আবদুর রহিমের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লা আল মামুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ আলমগীর, উপজেলা প্রকৌশলী আকবর আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাফর আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুঁইয়া, উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রূপক মিয়া, সমবায় কর্মকর্তা বেল্লাল হোসেন, সদস্য মোঃ হাবিবুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আকতার হোসেন ভুঁইয়া, শিবলী চৌধুরী ও হরিপদ পোদ্দার প্রমুখ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ ঘোষণা করেন উপজেলা প্রশাসন ক্যাম্পাসে “দুর্নীতিমুক্ত উপজেলা প্রশাসন” ডিজিটাল ব্যানার টানিয়ে দেয়া হবে।