প্রথম ডিজিটাল শহর হতে যাচ্ছে মংলা
এইচ এম দুলাল, মংলা (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২১:১৬
দ্বিতীয় সামুদ্রিক বন্দর মংলা দেশের প্রথম ডিজিটাল শহর হতে যাচ্ছে। এ লক্ষ্যে সার্বিক কার্যক্রম শুরু হয়েছে মংলা পৌরসভার উদ্যোগে। পৌরসভাকে ডিজিটালাইজডের আওতায় আনতে প্রতিটি ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ সড়কে চলছে সার্ভে কাজ। বন্দর ব্যবহারকারী থেকে শুরু করে এখানে আগত সুন্দরবনমুখী দেশি-বিদেশি পর্যটকরাও ডিজিটালাইজডের সুযোগ-সুবিধা পাবেন।
এ পৌরসভার ১৯ দশমিক ৪৩ বর্গকিলোমিটার এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হচ্ছে একটি করে উন্নত মানের সাউন্ড সিস্টেম প্রচার মাইক। এছাড়া পৌরসভায় গুরুত্বপূর্ণ পয়েন্টে দুর্ঘটনা এড়াতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। এ শহরকে ফ্রি নেটিজেনের আওতায় নেয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। পবিত্র মাহে রমানের মধ্যই এর সুফল ভোগ করতে পারবেন মংলা পৌরবাসী -এমনটাই আভাস দিয়েছেন পৌর কর্তৃপক্ষ। তবে এ লক্ষ্যে রাতদিন কাজ করে যাচ্ছেন প্রায় অর্ধশত কর্মী। এ ব্যাপারে মংলা পৌরসভার ইউবিএ (উচ্চমান সহকারী) মোঃ শহিদুল ইসলাম জানান, দেশের প্রথম ডিজিটাল শহর হিসাবে খুব শিগগিরি আত্মপ্রকাশ করবে মংলা পৌর শহর। প্রতিশ্রুতি অনুযায়ী পৌরবাসী পর্যায়ক্রমে উন্নত বিশ্বের শহরগুলোর ন্যায় সুযোগ-সুবিধা পাবেন বলে তিনি মন্তব্য করেন।