চিয়েলিনির ক্ষমা পেলেন সুয়ারেজ
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২১:১৮
উরুগুয়ের বিতর্কিত স্ট্রাইকার লুইজ সুয়ারেজ তার কৃতকর্মের জন্য সোমবার ক্ষমা চেয়েছেন জর্জিও চিয়েলিনির কাছে সেটা পুরনো খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে সুয়ারেজের এই বক্তব্যের পর ফিরতি বক্তব্যে চিয়েলিনি জানিয়ে দিয়েছেন উরুগুইয়ান প্রতিপক্ষকে ক্ষমা করে দিয়েছেন তিনি। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে দেয়া এক বিবৃতিতে চিয়েলিনি বলেন, ‘আমি কিছুই মনে রাখিনি। ফিফা তোমার শাস্তির মেয়াদ কমিয়ে দিলে আমি বরং খুশি হব।’ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ইতালির এই ফুটবলারকে কামড় দেয়ার দায়ে বর্তমানে নির্বাসিত সময় পার করছেন সুয়ারেজ। নিজের অফিসিয়াল টুইটারের মাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সুয়ারেজ বলেন, ‘আমি গিওর্গিও চিয়েলিনি ও গোটা ফুটবল পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী।’ ইতালীয় ওই ফুটবলারকে কামড়ে দিয়ে তাকে শারিরিকভাবে আহত করার বিষয়টিকে উলে¬খ করেই এই ক্ষমা প্রার্থনা করেন সুয়ারেজ। তিনি আরো বলেন, ‘আমি জন সমক্ষে শপথ করে বলছি যে এমন আরেকটি ঘটনা আর কখনোই ঘটবেনা।’ চিয়েলিনিকে কামড় দেয়ার কারনে বৃহস্পতিবার সুয়ারেজকে ৯টি আন্তর্জাতিক ম্যাচ ও ৪ মাসের জন্য সবধরনের ফুটবল খেলা থেকে নিষিদ্ধ করে ফিফা।