কাহালুতে সরকার দলীয় দু’পক্ষের অস্ত্র মহড়া ককটেল বিস্ফোরণ
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২১:২৬
গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালুতে সরকার দলীয় দুই পক্ষের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে কাহালু সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক পি.এম বেল্লাল হোসেনের একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও ২টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
জানা যায়, ওই দিন দুপুর ১ টার দিকে সরকারি প্রকল্পের ডিও কেনাকে কেন্দ্র করে কাহালু উপজেলা পরিষদ চত্বরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরই জের ধরে কাহালু চারমাথা রেলগেট ও বাজার এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় দেড় ঘণ্টা ধরে দুই পক্ষের মহড়া চলে।
এ সময় ২টি ককটেল বিস্ফোরণ ঘটানোসহ কাহালু বাজারের টেম্পুস্ট্যান্ড এলাকায় কাহালু সদর ইউপি চেয়ারম্যানের মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে কাহালু থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর থেকে কাহালু উপজেলা সদর এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।