নবাগতদের হয়রানি
খুবি’র সমাজ বিজ্ঞানের ১২ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২১:২৭
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের ২০১৪ ব্যাচের নবাগত ছাত্র-ছাত্রীদেরকে হয়রানি ও তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড উক্ত ডিসিপ্লিনের পূর্ববর্তী তিনটি ব্যাচের (২০১১, ’১২ ও ’১৩) ১২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে দুই টার্মের জন্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড থেকে বহিষ্কার এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস.এম আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণের কথা জানানো হয়েছে।
শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থী ইশরাত জাহান সেতু, নাজনিন আক্তার রিতা, উম্মে হাবিবা সোহানা, এস. এম সাজ্জাত হোসেন রাজন এবং আব্দুল্লাহ আল মামুনকে চলতি টার্ম ও পরবর্তী টার্ম অর্থাত্ দুই টার্মের জন্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড থেকে বহিষ্কার এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও তাদের অভিভাবককে মুচলেকা প্রদান করতে হবে। এছাড়া মোঃ আসিফ সুলতান রাজু, চয়ন শেখ, কারিমুন নেছা, ইজাজুল আহমেদ, শেখ মুশফিকুর রহমান, মোঃ এনামুল হক ও নাঈম রহমান সম্রাটকে ১০ হাজার টাকা জরিমানাসহ তাদের অভিভাবকদের মুচলেকা প্রদান করতে হবে। গত ২৩ জুন বিশ্ববিদ্যালয়েরে শৃঙ্খলা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। তবে শাস্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে আপিল করতে পারবে।