আন্দোলনের মাধ্যমে সরকার উত্খাত করতে হবে -------------- হান্নান শাহ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জে. (অব.) আসম হান্নান শাহ বলেছেন, যারা গান্ধী স্টাইলে আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে চায়, আমি তাদের দলে নেই। কারণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেছেন, বৈধভাবে আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো যাবে না। হান্নান শাহ বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে ক্ষমতা থেকে উত্খাত করতে হবে। জনগণ যখন মাঠে নামবে তখন এসব গুলি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ রাঙানি কাজে আসবে না। ঈদের পর আন্দোলনের ডাক দেবেন খালেদা জিয়া। আমরা গণতান্ত্রিক আন্দোলন করে এই সরকারের পতন ঘটাবো। গতকাল জাতীয় প্রেস ক্লাবের ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত ‘নারায়ণগঞ্জ ও কালশীসহ বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা ও নাগরিক নিরাপত্তা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ন্যাপ সভাপতি এম. গোলাম মোস্তফা ভুঁইয়া, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।