‘কাউকে ভয় পায় না ফ্রান্স’
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২১:৩৫
বিশ্বকাপ শুরুর আগেও ছন্নছাড়া ছিল ফ্রান্স ফুটবল দল। সামির নাসরিকে দলে না নেয়া, ফ্র্যাঙ্ক রিবেরির ইনজুরি — সব মিলিয়ে ফরাসি দলকে নিয়ে খুব বেশি দূর এগোনোর স্বপ্ন ছিল না কোচ দিদিয়ের দেশমের। কিন্তু প্রথম রাউন্ডের শেষভাগে এসে আশাবাদী হতে শুরু করেছেন বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। আশাবাদী হয়ে উঠতে শুরু করেছে গোটা ফরাসী দলও। কোন কিছুকেই এখন আর তারা ভয় পায় না।
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মূল্যবান একটি গোল করে খুশিতে আত্মহারা ফরাসি মিডফিল্ডার পল পগবা। এই গোল দিয়েই মোটামুটি দ্বিতীয় পর্ব নিশ্চিত হয়ে যায় ১৯৯৮ সালের চ্যাম্পিয়নদের। এরপর ইনজুরি সময়ে ভালবুয়েনার ক্রসে পা ছোঁয়ালেই গোল পেতে পারতেন গ্রিজমান। তিনি পারেননি, কিন্তু সঙ্গে লেগে থাকা ইয়োবোর পায়ে লেগে জালে জড়ালে তৃতীয়বারের মতো দ্বিতীয় রাউন্ড থেকে নাইজেরিয়ার বিদায় নিশ্চিত হয়ে যায়। নাইজেরিয়ার বিপক্ষে দারুণ জয়ের পর তিনি বলেন, ‘আমরা ফরাসী আর আমরা কাউকে ভয় পাই না। ব্রাজিলকে আমরা সেমিফাইনালে পেতে চাই। ১৯৯৮ সালে আমি ব্রাজিল-ফ্রান্সের ফাইনাল দেখেছিলাম। তখন আমি অনেক ছোট। আমি সেই ব্রাজিলেই আবার ইতিহাসকে ফিরিয়ে নিয়ে আসতে চাই। আবারও ওদের বিপক্ষে জয় চাই আমরা।’ গোটা ম্যাচেই দারুণ খেলেছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের এই খেলোয়াড়। বিশ্বকাপেও এটা তার প্রথম গোল। আর একেই জীবনের অন্যতম সেরা সময় বলে মনে করছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই খেলোয়াড়।
সোমবার নাইজেরিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে ম্যাচের ৭৯তম মিনিটে করা পগবার গোলেই এগিয়ে যায় ফ্রান্স। আর শেষদিকে জোসেফ ইয়োবোর আত্মঘাতী গোলে হতাশায় পুড়তে হয় নাইজেরিয়াকে। একই দিনে বাদ পড়ে যায় আলজেরিয়াও। ফলে বিশ্বকাপে আফ্রিকারও আর কোন প্রতিনিধি অবশিষ্ট থাকলো না।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত পগবা বলেন, ‘এই অনুভূতি বর্ণনা করার মতো ভাষা আমার নেই। পুরো দেশ আমাদের পেছনে আছে আর ওই গোলটা আমাদের উজ্জীবিত করেছে।’
২১ বছর বয়সী পগবার বিশ্বাস করেন যে, দেশের জন্যে গোল করাটা সব সময়ই বিশেষ কিছু। আর সেটা বিশ্বকাপের শেষ আটে ওঠার লড়াইয়ের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বলেই তার জীবনের অন্যতম সেরা একটা ঘটনা।
শেষ আটে উঠতে পেরে স্বাভাবিকভাবেই দারুণ খুশি ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম। তবে আত্মতুষ্টিতে না ভুগে আরো সামনে এগোনোর লক্ষ্যে দেশম বলেন, ‘আমরা এখন কোয়ার্টার-ফাইনালে এবং আরেকধাপ এগোতে যা কিছু সম্ভব তার সবই করবো। সময়টা আমরা উপভোগ করছি। একই সাথে আমাদের সামনের দিকেও লক্ষ্য রাখতে হবে।’ তরুণ পল পোগবার প্রশংসা করে সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, ‘তার যোগ্যতা নিয়ে আমি কখনও সন্দেহ করিনি। সে চমত্কার একটা ম্যাচ খেলেছে। আশা করি, এখন থেকে নিয়মিত সে এভাবে খেলতে পারবে।’ সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শুক্রবার রাত দশটায় জার্মানির বিপক্ষে খেলবে ফ্রান্স।