বর্ষার আগমনে কদর বেড়েছে তাদের
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২১:৩৭
ময়মনসিংহের মুক্তাগাছায় বর্ষা মৌসুমে ছাতা ক্রয়-বিক্রয় ও মেরামতের ধুম পড়েছে। ছাতার দোকান ও ছাতা মেরামতের কারিগরদের কাছে এখন ভিড় জমে গেছে। ছাতা বিক্রি এবং এর কারিগরদের কর্মটি শুধুমাত্র বর্ষা মৌসুমে চোখে পড়ে। অন্যদিকে প্রচণ্ড গরম আর বর্ষায় এদের প্রয়োজন পড়ে। বছরের বাকি সময় অন্য পেশায় নিয়োজিত থাকেন। শহরের বড় মসজিদ রোড, দরিচার আনিবাজার এলাকার ছাতা বিক্রেতা সাইফুল জানান, তাদের দোকানে সারাবছর গার্মেন্টস, জুতা ও অন্যান্য পণ্য বিক্রি করা হয়। এখন ছাতার চাহিদা বেশি থাকায় চলমান ব্যবসার চাইতে ছাতা বিক্রির দিকেই বেশি সময় দিচ্ছি।
দোকানীরা জানান, প্রকার ভেদে প্রতিটি ছাতা ১৩০ টাকা থেকে ৮শ’ টাকায় বিক্রি করা হচ্ছে । এর মধ্যে ২শ’ টাকার মধ্যে দামের ছাতাগুলোই বেশি বিক্রি হচ্ছে। সারাদিন ছাতা বিক্রি করে ভাল মুনাফা পাওয়া যাচ্ছে বলে জানান দোকানীরা।