সাতক্ষীরার তিন শতাধিক শীর্ষ মাদক ব্যবসায়ী ধরা-ছোঁয়ার বাইরে
জি,এম মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২১:৩৮
সাতক্ষীরা জেলায় সম্প্রতি মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হলেও ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে তালিকাভুক্ত তিন শতাধিক শীর্ষ মাদক ব্যবসায়ী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভাষ্য মতে, সাতক্ষীরা সার্কেলের আওতাধীন সাতক্ষীরা সদর, কলারোয়া, তালা ও পাটকেলঘাটা এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন তালিকাভুক্ত শীর্ষ ৯৪ মাদক ব্যবসায়ী। এছাড়া কালিগঞ্জ সার্কেলের আওতাধীন কালিগঞ্জ, আশাশুনি, দেবহাটা ও শ্যামনগরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন তালিকাভুক্ত শীর্ষ দুই শতাধিক মাদক ব্যবসায়ী।
তালিকাভুক্ত এসব শীর্ষ মাদক ব্যবসায়ীর অধীনস্থ ক্ষুদ্র মাদক বিক্রেতারা সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে মাদকদ্রব্য এনে তা সাতক্ষীরা জেলাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছেন। এজন্য ব্যবহার করা হচ্ছে সীমান্তের নদী ও স্থলপথের অন্তত ৩০টি পয়েন্ট।
সম্প্রতি সাতক্ষীরা জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির সাতক্ষীরাকে মাদকমুক্ত করার ঘোষণা দিলে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করে। এসব অভিযানে ইতোমধ্যে প্রায় অর্ধশত মাদক ব্যবসায়ী ও সেবী আটক এবং ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হলেও তালিকাভুক্ত শীর্ষ মাদক চোরাকারবারীরা রয়েছে ধরা-ছোঁয়ার বাইরে। তবে, এজন্য পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়হীনতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।
সাতক্ষীরা জেলার পাঁচটি উপজেলার সঙ্গে ভারতের ২৩৮ কিলোমিটার সীমান্তের বিপরীতে ২৭টি ফেন্সিডিল কারখানা গড়ে উঠেছে। প্রতিদিন এসব কারখানায় তৈরি হাজার হাজার বোতল ফেন্সিডিল ভারতীয় ব্যবসায়ীরা সুবিধাজনক সময়ে বাংলাদেশের মাদক পাচারকারীদের হাতে পৌঁছে দিচ্ছেন।
সাতক্ষীরা সদর উপজেলার তালিকাভুক্ত ৪৮ জন শীর্ষ মাদক ব্যবসায়ী মাদকের চোরাচালান নিয়ন্ত্রণ করছেন। এদের মধ্যে ফেন্সিডিল চালান নিয়ন্ত্রণ করেন ১৬ মাদক ব্যবসায়ী, হেরোইন কেনা-বেচার সঙ্গে আছে ৬জন, গাঁজায় ১৯জন, মদ বিক্রিতে ৪ জন, টিটি ইনজেকশনের ব্যবসা নিয়ন্ত্রণ করেন ৩ জন, কলারোয়া উপজেলায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে শীর্ষ ১৪ মাদক ব্যবসায়ী। পাটকেলঘাটায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন ৯ তালিকাভুক্ত চোরাকারবারী। তালায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন তালিকাভুক্ত শীর্ষ ১০ মাদক চোরাকারবারী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কালিগঞ্জ সার্কেল অফিসে দীর্ঘদিন ধর্ণা দিয়েও তালিকাভুক্ত শীর্ষ মাদক চোরাকারবারীদের তথ্য পাওয়া যায়নি। কালিগঞ্জ সার্কেল অফিস সার্কেলের আওতাধীন কালিগঞ্জ, আশাশুনি, দেবহাটা ও শ্যামনগরে তালিকাভুক্ত শীর্ষ দুই শতাধিক মাদক ব্যবসায়ী সংশ্লিষ্ট কারবার নিয়ন্ত্রণ করছেন জানালেও অন্যান্য তথ্য দেননি। এ ব্যাপারে সম্প্রতি সাতক্ষীরায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনাকারী জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির জানান, ইতিমধ্যে অনেক বড় বড় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।