যন্ত্রপাতি ছাড়া ইসির উপজেলা সার্ভার স্টেশন উদ্বোধন
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২২:২৮
আইটি সিস্টেমের কোন যন্ত্রপাতি ছাড়াই নির্বাচন কমিশনের (ইসি) উপজেলা পর্যায়ে সার্ভার স্টেশন উদ্বোধন করা হয়েছে। অতএব নামেমাত্র সার্ভার স্টেশনে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, সংশোধন, হারিয়ে যাওয়া কার্ড উত্তোলন সেবা মিলছে না। সার্ভার স্টেশনের নামে নির্মিত ভবনগুলো শুধু তৃণমূল নির্বাচন কার্যালয়ের জন্য ব্যবহূত হচ্ছে।
যে উদ্দেশ্যে সারাদেশে সার্ভার স্টেশন স্থাপন করা হচ্ছে তার সুফলও পাওয়া যাচ্ছে না। কেন্দ্রীয় সার্ভার স্টেশনের সঙ্গে উপজেলা পর্যায়ের সার্ভার স্টেশনের সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। যদিও ভোটারদের ভোগান্তি দূর করতে জাতীয় পরিচয়পত্র প্রদান প্রকল্পের কার্যক্রম বিকেন্দ্রীকরণের অংশ হিসাবে তৃণমূল পর্যায়ে ৪৬৪টি সার্ভার স্টেশন করছে কমিশন।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দীন ইত্তেফাককে বলেন, সার্ভার স্টেশনগুলোর ইকুপমেন্ট ও ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) কার্যক্রম বাকী রয়েছে। আশা করছি দ্রুত কাজ সম্পন্ন হলে উপজেলা সার্ভার স্টেশন থেকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, সংশোধন, হারিয়ে যাওয়া কার্ড উত্তোলন করা যাবে।
২০০৮ সাল থেকে বর্তমান পর্যন্ত উপজেলা/জেলার অফিসের মাধ্যমে অথবা সরাসরি ঢাকার ইসলামিক ফাউন্ডেশনে এসে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, সংশোধন, হারিয়ে যাওয়া কার্ড উত্তোলন করতে হয়। অল্প সময়ের কাজ সম্পন্ন করতে লেগে যায় পনের দিন থেকে একমাসও। অথচ দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভোটার তালিকা প্রকল্পটি জেলা ও উপজেলা পর্যায়ে বিকেন্দ্রীকরণের ঘোষণা দেয় বিগত নির্বাচন কমিশন। এর অংশ হিসাবে সারাদেশের ৪৬৪টি সার্ভার স্টেশন নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। জেলা ও বিভাগীয় (কুমিল্লা-চারতলা) পর্যায়ে ৩ তলা ও উপজেলা পর্যায়ে দ্বিতীয় তলার সার্ভার স্টেশন নির্মাণ করা হয়। জায়গা সংকটের কারণে তিনটি জেলায় সার্ভার স্টেশন নির্মাণ করা যাচ্ছে না। জেলাগুলো হলো-মাদারীপুর, গাজীপুর ও জামালপুর। কনস্ট্রাকশন অব সার্ভার স্টেশন ফর ইলেকট্রাল ডাটাবেজের (সিএসএসইডি) প্রকল্পের আওতায় ৪৪৪টি সার্ভার স্টেশনের কাজ সম্পন্ন হয়েছে। ৩৯৪টি উপজেলায় সার্ভার স্টেশনের মধ্যে ৩৯৩টি শেষ হয়েছে। সুনামগঞ্জের দিরাই উপজেলায় নির্মাণ কাজ বন্ধ আছে। ১০টি থানা সার্ভার স্টেশনের মধ্যে ১টির কাজ সম্পন্ন, ৭টির ফ্লোর ক্রয় হয়েছে এবং একটির কাজ চলমান আছে। এছাড়াও জায়গার অভাবে টঙ্গীর কার্যক্রম শুরুই হয়নি। জেলা পর্যায়ে ৫১টির মধ্যে ৩৬টির কাজ শেষ হয়েছে। ১৫টি চলমান রয়েছে। ৯টি আঞ্চলিক কার্যালয়ের মধ্যে ৪টি সম্পন্ন হয়েছে। ৫টির কার্যক্রম নির্মাণাধীন আছে। যেসব অফিসের নির্মাণ কাজ শেষে হয়েছে তার উদ্বোধন শেষে অফিস হিসাবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু প্রয়োজনীয় উপকরণের অভাবে সার্ভার স্টেশনের কার্যক্রম এখনো চালু করা সম্ভব হয়নি। কবে নাগাদ তৃণমূল পর্যায়ে সার্ভার স্টেশনের কার্যক্রম চালু করা সম্ভব হবে তারও সঠিক তথ্য দিতে পারেনি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।
সার্ভার স্টেশনের নির্মাণ কাজ সম্পর্কে জানতে চাইলে প্রকল্প পরিচালক বি গেডিয়ার জেনারেল কেএম সালজার হোসাইন ইত্তেফাককে বলেন, ২০টি বাদে সব সার্ভার স্টেশন নির্মাণ শেষ হয়েছে। যেসব সার্ভার স্টেশনের নির্মাণ শেষ হচ্ছে তা সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেয়া হচ্ছে। সার্ভার স্টেশন নির্মাণ করা হচ্ছে একটি প্রকল্পে আর সার্ভারের সংযোগ দিবে অন্য প্রকল্প।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ জানিয়েছে, সার্ভার স্টেশনে শেষ হয়নি জনবল নিয়োগের প্রক্রিয়াও। অবকাঠামোগত কাজ সম্পন্ন করার জন্য আগামী দুই মাসের মধ্যে টেন্ডার আহবান করা হচ্ছে।