স্বাস্থ্য সেবায় বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে :স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২২:২৯
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন, সরকারের একার পক্ষে দেশের সব জনগণের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া সম্ভব নয়।
গতকাল মঙ্গলবার দুপুরে শেরেবাংলা নগরস্থ পঙ্গু হাসপাতাল মিলনায়তনে নিট্র ক্লাবফুট ট্রেনিং সেন্টারের উদ্বোধন ও টেকসই ক্লাবফুট চিকিত্সা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে জেলা পর্যায়ের সকল হাসপাতালে সকল ধরনের বিশেষায়িত চিকিত্সা সেবা পর্যায়ক্রমে পৌঁছে দেয়া হবে। সাধারণ মানুষ যাতে সঠিকভাবে সকল জটিল রোগের সেবা নিজ জেলা থেকেই পেতে পারেন সেই লক্ষ্যেই এমন উদ্যোগ নেয়া হচ্ছে।
ক্লাবফুট (পায়ের পাতা বাঁকা) একটি জন্মগত প্রতিবন্ধকতা, যার ফালে জন্মগতভাবে পায়ের পাতা ভেতরের দিকে বাঁকা থাকে এবং উপযুক্ত চিকিত্সা না করালে শিশুকে আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয়। বাংলাদেশে প্রতি বছর গড়ে ৫ হাজার ক্লাবফুট শিশু জন্মগ্রহণ করে। এ স্মারকের আওতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ব্রাক এবং সাসটেইনেবোল ক্লাবফুট কেয়ার ইন বাংলাদেশ (এসসিসিবি) যৌথভাবে সুবিধা বঞ্চিত ক্লাবফুট আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিত্সার ব্যবস্থা করবে।
দেশ চলছে নারী নেতৃত্বে, আমরা সহযোগিতা করছি
এদিকে জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাল্যবিবাহ ও পরিবার-পরিকল্পনার বিষয়ে নারীদের আরও সচেতন হতে হবে। আইন করে এসব নিয়ন্ত্রণ ততোটা কার্যকর হবে না। এক্ষেত্রে নারীদেরই এগিয়ে আসতে হবে। আশা করি তারা এগিয়ে আসবেন। কারণ বাংলাদেশ এখন পরিচালিত হচ্ছে নারী নেতৃত্বের মাধ্যমে, আমরা সেখানে সহযোগিতা করছি। গতকাল মঙ্গলবার সংসদে কার্যপ্রণালী বিধি ৭১-এ কয়েকজন সংসদ সদস্যের আনীত জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিসের ওপর দেয়া সংক্ষিপ্ত বিবৃতিতে মন্ত্রী একথা বলেন।
বাল্য বিবাহ রোধ প্রসঙ্গে বেগম ফজিলাতুন নেসার (মহিলা আসন-২২) নোটিসের ওপর দেয়া সংক্ষিপ্ত বিবৃতিতে মোহাম্মদ নাসিম বলেন, ধর্মীয় কুসংস্কারের কারণে বাল্য বিবাহ আমাদের এখানে একটি সামজিক সমস্যা হিসাবে দেখা দিয়েছে। বাল্য বিবাহের কারণে বহু মেয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়ছে। বাল্য বিবাহ রোধে পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মীদের মাধ্যমে সারাদেশে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। বাল্যবিবাহ রোধ করতেই হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অনেক মা আধুনিকতার কারণে শিশুকে বুকের দুধ দেন না। এখান থেকে আমাদের বের হতে হবে।