বিমান বন্দরে দেড় কোটি টাকার সোনা ও আইফোন উদ্ধার
প্রকাশ : ০১ জুলাই ২০১৪, ২২:৩০
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুরিয়ারে আসা তিনটি প্যাকেট থেকে এক কেজি ২শ’ গ্রাম ওজনের ১১টি সোনার বার ও ১২৮টি আইফোন উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। মিথ্যা ঘোষণা দিয়ে এগুলো হংকং থেকে আনা হয়।
মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে হংকং এয়ারওয়েজের একটি উড়োজাহাজে এগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। পরে দুপুর ২টার দিকে শুল্ক গোয়েন্দারা আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ‘ডিএইচএলের’ মাধ্যমে আসা প্যাকেটগুলোতে তল্লাশি চালিয়ে উল্লিখিত সোনার বার ও আইফোন উদ্ধার করেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান বলেন, উত্তরার রতন এন্টার প্রাইজের নামে আসা ভিডিওগেমসের প্যাকেট থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। অন্য প্যাকেট দুটিতে ইলেকট্রনিক সামগ্রী আনার কথা বলা হলেও তাতে আইফোন পাওয়া যায়।
চট্টগ্রামে ৮০ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার
চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুবাই থেকে আসা পারভীন আক্তার নামে এক মহিলা যাত্রীর হাতব্যাগ থেকে ২ কেজি ৮০ গ্রাম ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অলংকারের আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা বলে কাস্টমস কর্মকর্তারা জানান। এ ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে ।
বিমানবন্দর কাস্টমসের সহকারি কমিশনার মশিউর রহমান মন্ডল মঙ্গলবার ইত্তেফাককে জানান, সকাল পৌনে ৮টায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ (বিজি ০৪৮) দুবাই থেকে আসে। এটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করার পর পারভীন আক্তার নামে ওই যাত্রীর হাতব্যাগ স্ক্যান করে অলংকারগুলো পাওয়া যায়। তিনি শুল্ক ফাঁকি দেয়ার উদ্দেশে অলংকারগুলোর ব্যাপারে কোনো পূর্ব ঘোষণা দেননি। এ কারণে তার অলংকারগুলো আটক করা হয়েছে। তবে শুল্ক পরিশোধ করলে এগুলো তিনি নিয়ে যেতে পারবেন বলে জানান তিনি।